ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ডিবি অভিযানে আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. খন্দকার রাহাত গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে রাহাতকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থানায়  হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া।


ডিবি-উত্তরা বিভাগের সূত্রানুযায়ী, গ্রেপ্তার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই। এছাড়াও শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। তার বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।


জানা গিয়েছে, ছাত্র আন্দোলন চলাকালীন ২২ জুলাই রামপুরা ব্রিজ ও পুলিশ সংলগ্ন এলাকায় কর্মসূচি পালন করছিল আন্দোলনকারীরা। পরে সেখানে আওয়ামী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় আন্দোলনরতদের ওপর। এতে আহত হন অনেকে। এদের মধ্যে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি রামপুরা থানায় মামলা করেন তিনি।


এদিকে রাহাতের সাথে সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে ঘুরছিল তাদের একাধিক ছবি।


এ অভিযানে অংশ নেওয়া ডিবি-উত্তরার এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগের এই কট্টরপন্থি নেতা রাহাত হোসেন। বরিশালের কোতোয়ালি থানা এলাকায় তার বাড়ি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑